ঈদের ছুটিতে মাদারগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি বেড়েই চলেছে

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের সরকারি ছুটিতে বিদ্যালয়গুলো বন্ধ থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র একের পর এক প্রতিষ্ঠানে হানা দিচ্ছে।

একের পর এক বিদ্যালয়ে হানা

জানা গেছে, গত ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারা দেশের ন্যায় মাদারগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। এই ছুটির মধ্যেই উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহৃত টিউবওয়েল, বাউন্ডারি দেয়াল ভেঙে লোহার গ্রিল এবং ২২টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ৩নং গুনারীতলা ইউনিয়নের পূর্ব মোসলেমাবাদ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকেও ১০টি সিলিং ফ্যান চুরি হয়েছে। গত ২০ মার্চ বিদ্যালয়ের ওয়াশ ব্লকের চলমান কাজ পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষক এই চুরির বিষয়টি লক্ষ্য করেন।

আতঙ্কে সাধারণ মানুষ ও শিক্ষক সমাজ

শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে ধারাবাহিকভাবে চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোতেও এখন চুরির আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, ছুটির সময় পাহারাদার না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতকারীরা।

আইনি পদক্ষেপ ও প্রধান শিক্ষকের বক্তব্য

পূর্ব মোসলেমাবাদ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ রাশেদুল ইসলাম জানান, “গত ২০ মার্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে দেখতে পাই দ্বিতীয় তলার দুটি রুম খোলা এবং সেখানে ব্যবহৃত ১০টি বিআরবি ফ্যান ও আর্থিং কেবল নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং তাঁদের নির্দেশেই মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *