পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে আনাফ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের আকু চৌকিদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

নিহত আনাফ ওই এলাকার মোহাম্মদ সুমনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সকালে আনাফের মা বাড়ির কাজকর্মে ব্যস্ত ছিলেন। এ সময় সদ্য হাঁটতে শেখা শিশু আনাফ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পরিবার ও পুলিশের বক্তব্য

আনাফের মামা মাসুদ জানান, ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শিশুটির স্বাভাবিক মৃত্যু হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয়নি। এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ভুঁইয়া জানান, শিশু মৃত্যুর এমন কোনো খবর এখনো থানায় কেউ পৌঁছায়নি।

এলাকায় শোকের মাতম

আদরের সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল শিশুদের প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। সামান্য অসতর্কতা যে কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *