জনতা ও নেতার সরাসরি সংলাপ; সমাজ সংস্কারে সাহসী প্রস্তাব
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট মোবারকীয়া ঈদগাহ ময়দানে এক ব্যতিক্রমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত হয়ে জনপ্রতিনিধির দায়িত্ব, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং সমাজ সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব ফখরুল ইসলাম এমপি।
“আমি এখন সবার এমপি”
উপস্থিত মুসল্লি ও জনসাধারণের উদ্দেশ্যে সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন, “প্রথমে দল একজনকে মনোনয়ন দেয়, কিন্তু এমপি নির্বাচিত হলে তিনি আর কোনো দলের থাকেন না। আমি এখন সকলের এমপি, কোনো নির্দিষ্ট দলের নয়।” তাঁর এই নিরপেক্ষ ও দায়িত্বশীল বক্তব্যে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অপরাধ দমনে দ্বিগুণ শাস্তির প্রস্তাব
অনুষ্ঠানে ঈদগাহ কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ খোকন সমাজ সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করতে এমপি মহোদয়কে উদ্দেশ্য করে একটি সাহসী প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, “সরকারি দলের লোকজন যদি অপরাধ করে, তবে তাদের শাস্তি সাধারণ মানুষের চেয়ে বেশি হওয়া উচিত। সাধারণ মানুষ অপরাধ করলে যদি এক বেত দেওয়া হয়, সরকারি দলের লোক অপরাধ করলে যেন দুই বেত দেওয়া হয়। তাহলেই সমাজে শৃঙ্খলা থাকবে।”
এমন সরাসরি ও তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থিত সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। উপস্থিত আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে এবং জনপ্রতিনিধিদের আরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
