মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোট মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও এনসিপি’র অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজায় এই হামলার ঘটনা ঘটে।
আহতদের পরিচয় ও অবস্থা
হামলায় আহতরা হলেন— এনসিপি’র জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ (২৭), দাঁড়িপাল্লার কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮) ও নজরুল ইসলাম সাগর (২৫)। আহতদের মধ্যে জাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণ ও অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে নেতাকর্মীরা গণসংযোগে বের হলে দেশীয় অস্ত্রধারী একদল যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করেন, বিএনপির কর্মীরা এই পরিকল্পিত হামলা চালিয়েছে। তবে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস জানান, তিনি এই বিষয়ে অবগত নন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।
রাজনৈতিক প্রতিক্রিয়া
নোয়াখালী জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বে থাকা ডা. বোরহান উদ্দিন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শান্তিপূর্ণ গণসংযোগে এই ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
পুলিশের বক্তব্য
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






