মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেনবাগের মানবিক সংগঠন হিসেবে পরিচিত ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। আজ বুধবার রাজধানীতে অনুষ্ঠিত দেশনেত্রীর জানাজায় সশরীরে অংশগ্রহণ শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন তিনি।
ফেসবুক বার্তায় গভীর আবেগ
জানাজা শেষে বুধবার বিকেলে টপ স্টার গ্রুপের কর্ণধার ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ লেখেন:
“প্রিয় নেত্রী, বাংলাদেশের গর্ব এবং অহংকার, গণতন্ত্রের মা, কোটি কোটি মানুষের নয়নের মণি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত হতে পেরে নিজেকে সত্যিই গর্বিত ও ধন্য মনে করছি।”
পারলৌকিক মুক্তির প্রার্থনা
বিবৃতিতে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ যেন প্রিয় নেত্রীকে তাঁর প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অকালপ্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর সঙ্গে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামে স্থান দান করেন। একই সঙ্গে তিনি সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে তাঁকেও যেন আল্লাহ জান্নাতবাসী করেন সেই দোয়া করেন।
শোকাতুর সেনবাগ
লায়ন সৈয়দ হারুন এমজেএফ আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেম ও আপসহীনতার জীবন্ত কিংবদন্তি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অভিভাবক হারানোর শোক। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাবেক এই সভাপতি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।