হোসেনপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রবাসফেরত তরুণের স্বপ্ন; লাখ টাকার ক্ষতি
প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রবাসফেরত এক তরুণ উদ্যোক্তার গোডাউন কাম দোকানে রাখা বিপুল পরিমাণ বিস্কুট ও খাদ্যসামগ্রী ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের হেলিপ্যাড এলাকা সংলগ্ন দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া উপজেলার নিরাহারগাতী গ্রামের বাসিন্দা।
প্রবাসফেরত তরুণের নতুন উদ্যোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে মাত্র তিন মাস আগে নতুন উদ্যমে ব্যবসায় নামেন ইমরান মিয়া। তিনি ‘অলিম্পিক’ ও ‘হক’ নামের দুটি কোম্পানির বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের ডিলারশিপ নেন। ওই দোকান থেকেই হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার খুচরা দোকানে মালামাল সরবরাহ করা হতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান তালাবদ্ধ করে তিনি নিজ বাড়িতে ফেরেন।
গভীর রাতে আগুন ও উদ্ধার তৎপরতা
পরবর্তীতে গভীর রাতে এক রিকশাচালক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দোকানে আগুন জ্বলতে দেখে দ্রুত বিষয়টি দোকানমালিককে জানান। পরে খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া বলেন—
”দোকানে দুটি কোম্পানির প্রায় ৮ লাখ টাকার মালামাল ছিল। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় সামান্য কিছু মালামাল রক্ষা করা গেলেও সিংহভাগই পুড়ে ছাই হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করার পরপরই এই আগুনে আমার সব শেষ হয়ে গেল।”
ফায়ার সার্ভিসের বক্তব্য
হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক জানান—
”সংবাদ পাওয়া মাত্রই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।”
