হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্তের ৬ সহজ কৌশল:আহসান হাবীব

হোটেলে থাকার সময় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণছবি: পেক্সেলস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০০
ভ্রমণের সময় হোটেলে থাকা এখন সাধারণ ব্যাপার। কিন্তু সাম্প্রতিক সময়ে হোটেলকক্ষে গোপন ক্যামেরা বসানোর মতো ঘটনা বেড়েছে, যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এই ক্যামেরাগুলো এখন ঘড়ি, স্মোক ডিটেক্টর, চার্জার অ্যাডাপ্টর কিংবা বিভিন্ন সাজসজ্জার জিনিসের ভেতরে সহজেই লুকিয়ে রাখা যায়। তাই হোটেলে থাকার সময় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে এই কৌশলগুলো জেনে রাখা জরুরি।
গোপন ক্যামেরা শনাক্তের ৬ কৌশল
১. হোটেলকক্ষের চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ:
কক্ষে ঢুকেই চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করুন। স্মোক ডিটেক্টর, ঘড়ি, বৈদ্যুতিক সকেট, দেয়ালের সাজসজ্জা বা ছবির ফ্রেমের মতো জিনিসগুলো খুঁটিয়ে দেখুন। কোনো কিছু অস্বাভাবিক জায়গায় বসানো থাকলে বা নতুন মনে হলে সেটিকে ভালোভাবে পরীক্ষা করুন।
২. অন্ধকারে টর্চলাইট ব্যবহার:
ঘরের সব আলো নিভিয়ে দিন। এবার স্মার্টফোনের টর্চলাইট জ্বালিয়ে সন্দেহজনক বস্তু বা স্থানের দিকে ধরুন। ক্যামেরার লেন্স আলো প্রতিফলিত করে, তাই কোথাও আলোর প্রতিফলন দেখা গেলে বুঝতে হবে সেখানে ক্যামেরা থাকতে পারে।
৩. ফোনের ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড শনাক্ত:
অনেক গোপন ক্যামেরা থেকে নির্গত ইনফ্রারেড আলো খালি চোখে দেখা যায় না। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা সম্ভব। কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা চালু করে সন্দেহজনক স্থানগুলোর দিকে তাকান। ক্যামেরার পর্দায় ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা গেলে সেটি ইনফ্রারেড আলোর উৎস হতে পারে।
৪. ওয়াই-ফাই নেটওয়ার্কে অচেনা যন্ত্রের সন্ধান:
অনেক ওয়্যারলেস ক্যামেরা একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকে। আপনার স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখুন। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের কোনো যন্ত্র, যেমন আইপি ক্যামেরা, দেখা যায়, তবে সতর্ক হোন। (সাইবার নিরাপত্তা বিষয়ক অন্যান্য খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন)।
৫. রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার:
কম দামের রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করে সহজেই ক্যামেরা বা মাইক্রোফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব। কক্ষে এ ধরনের কোনো যন্ত্র চালু থাকলে ডিটেক্টরে আলো জ্বলে উঠবে বা শব্দ হবে।
৬. আয়না পরীক্ষা করা:
ক্যামেরা লুকানোর একটি সাধারণ জায়গা হলো আয়নার পেছনে। এটি পরীক্ষা করতে, আয়নার ওপর আঙুল রাখুন। যদি আপনার আঙুল ও তার ছবির মধ্যে ফাঁক দেখা যায়, তাহলে সেটি সাধারণ আয়না। আর ফাঁক না থাকলে সেটি দুই-মুখী আয়না হতে পারে, যার পেছনে ক্যামেরা লুকানো থাকতে পারে।
টাইম্স অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো:
https://timesofindia.indiatimes.com/
