সোনাইমুড়ীতে সুলতান জাকারিয়ার গণসংযোগ ও বিশাল মিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ‘শাপলাকলি’ প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনভর ব্যাপক গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত নাটেশ্বর, বারগাঁও ও অম্বনগর ইউনিয়নে তিনি একাধিক সমাবেশ ও মিছিলে অংশ নেন।

সকাল থেকে রাত: প্রচারণার ব্যস্ত সূচি

সোমবার সকাল ৮টায় নাটেশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দায়িত্বশীল নেতাদের নিয়ে নির্বাচনি সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন সুলতান জাকারিয়া। এরপর সোনাইমুড়ী উপজেলা ও নাটেশ্বর ইউনিয়ন নেতাদের সঙ্গে নিয়ে ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড়ে পথসভা ও গণসংযোগ করেন তিনি।

দুপুরের পর থেকে তিনি বারগাঁও ও অম্বনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাদের নিয়ে আয়োজিত একাধিক নির্বাচনি সমাবেশে যোগ দেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে যান।

কাশিপুর বাজারে বিশাল মিছিল ও অঙ্গীকার

রাত আটটার দিকে বারগাঁও ইউনিয়নের কাশিপুর বাজারে সুলতান মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে সুলতান জাকারিয়া বলেন, “আমরা ১০ দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি—আগামী নির্বাচনে আপনাদের ভোটে জয়লাভ করে যদি সংসদে যেতে পারি, তবে এ দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, ঘুষ ও দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। এটি আমার আপনাদের প্রতি দৃঢ় অঙ্গীকার।”

বক্তব্যে তিনি আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে ১০ দলীয় জোটের ‘শাপলাকলি’ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। মিছিলে জামায়াতে ইসলামী ও জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *