সেনবাগে শাপলা কলির সমর্থকের ওপর হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে। শাপলা কলি প্রতীকের প্রার্থীর ব্যানার সাঁটাতে গিয়ে এক সমর্থক হামলার শিকার হওয়ার প্রতিবাদে বুধবার রাতে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হামলার বিবরণ ও বর্তমান অবস্থা

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর এলাকায় ১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার নির্বাচনী ব্যানার সাঁটানোর সময় সাখাওয়াত (২৮) নামের এক সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ধানের শীষ প্রতীকের সমর্থকরা এই হামলা চালিয়েছে। আহত সাখাওয়াতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার রাত পৌনে আটটার দিকে সুলতান মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে সেনবাগ পৌর শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

আল্টিমেটাম ও নেতৃবৃন্দের হুঁশিয়ারি

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। এছাড়াও বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক এবং পৌর জামায়াতের আমির মোহাম্মদ ইয়াছিন মিয়াজী।

বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *