মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও এলাকায় মো. পলাশ নামে এক জামায়াত কর্মীর ওপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে।
হামলার বিবরণ
আহত মো. পলাশ পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তিনি স্থানীয় জামায়াত কর্মী ও ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্যামেরগাঁও এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় পলাশের নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তপাত শুরু হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াত নেতৃবৃন্দের প্রতিক্রিয়া
দুপুরে হাসপাতালে আহত পলাশকে দেখতে যান সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম ও সেক্রেটারি মাওলানা নুরুল আফসার। এসময় তারা আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জামায়াত নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন যে, ধানের শীষের উশৃঙ্খল নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত। তারা অবিলম্বে এই নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।
এলাকায় উত্তেজনা
এই হামলার ঘটনার পর থেকে বীজবাগ ইউনিয়নে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটাররা নির্বাচন পরবর্তী সময়ে এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।
