সুরমা নদী থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

মো: হাবিবুল্লাহ ,খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সুরমা নদীর কল্যাণপুর ফেরিঘাট এলাকা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত তরুণীর নাম জয়ন্তী সরকার (৩২)। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার আটগাঁও ইউনিয়নের মামুদ নগর গ্রামের হরলাল সরকারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জয়ন্তী নিজ বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। তাঁর বাবা হরলাল সরকার পুলিশকে জানিয়েছেন, জয়ন্তী দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা সুরমা নদীর কল্যাণপুর ফেরিঘাট থেকে তাঁর মরদেহটি শনাক্ত ও উদ্ধার করেন।

পুলিশের বক্তব্য ও মরদেহ হস্তান্তর

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, মৃত জয়ন্তী সরকারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যথাযথ বিধি মোতাবেক মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *