সালমানের ভাই নন, অভিনয় প্রশিক্ষকের সঙ্গে বাগ্দান সারলেন হুমা
বিনোদন ডেস্ক

হুমা কুরেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০০
সালমান খানের ভাই সোহেল খান ও বলিউড অভিনেত্রী হুমা কুরেশির প্রেম নিয়ে একসময় বিস্তর চর্চা হয়েছিল। এমনকি, বছর দুয়েক আগে সোহেল ও সীমা সচদেবের ডিভোর্সের নেপথ্যে হুমা কুরেশিকে দায়ী করেও অনেকে কটাক্ষ করেছিলেন। তবে, এসব সমালোচনার মুখেও অভিনেত্রী নীরব ছিলেন। এবার সেই হুমা কুরেশি বলিউড অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে আংটি বদল করে বাগ্দান সেরেছেন বলে গুঞ্জন উঠেছে। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। হিন্দুস্তান টাইমসের এক খবর থেকে জানা যায়, এই জল্পনার সূত্রপাত তাদের ঘনিষ্ঠ এক বন্ধুর পোস্ট থেকে।
কে এই রচিত সিং?
বলিউড মাধ্যম সূত্রে খবর, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গেই সম্প্রতি বাগ্দান সেরেছেন অভিনেত্রী। দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধু আকসা সিংয়ের একটি ইনস্টাগ্রাম স্টোরি থেকে এই খবর চাউর হয়েছে। আকসা সেখানে রচিত ও হুমাকে রং মিলান্তি কালো পোশাকে দেখা যায়। আকসা তাদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।’

এই ছবি উসকে দিয়েছে বাগ্দানের গুঞ্জন। ইনস্টাগ্রাম থেকে
সেই ছবিতেই হুমা কুরেশির হাতের আঙুলে উঁকি দিচ্ছে একটি বড় হিরের আংটি। এর ফলে, বলিউডপাড়ায় আর দুইয়ে দুইয়ে ‘চার’ করতে বাকি নেই কারও।

অভিনেত্রী হুমা কুরেশি
ইনস্টাগ্রাম থেকে
সম্পর্কের গুঞ্জন ও রচিতের পরিচয়
গুঞ্জন রয়েছে, হুমা কুরেশি দীর্ঘদিন ধরেই রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন। প্রিয় বন্ধু সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশনেও রচিতের সঙ্গে রং মিলান্তি পোশাকে এসেছিলেন হুমা। সেই ছবিও পাপারাজ্জিদের নজর এড়াতে পারেনি।
প্রশ্ন হলো, কে এই রচিত সিং? জানা গেছে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল থেকে শুরু করে আনুশকা শর্মা, সাইফ আলী খানের মতো বড় তারকাদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তিনি নিজে রাভিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ সিরিজে অভিনয়ও করেছেন।
হিন্দুস্তান টাইমসের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো:
https://www.hindustantimes.com/
