সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাবের পরিচালনায় ও আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন, সেলিম আহমেদ ও সাংবাদিক রাসেল আহমেদসহ স্থানীয় সাংবাদিকেরা।

​অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকায় হত্যাকাণ্ড

​মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তাঁর এই ভূমিকার জন্যই তাঁকে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে বক্তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন।

​সাংবাদিকদের নিরাপত্তা ও বিচারের দাবি

​বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য চরম উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর সংঘটিত হামলা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। মানববন্ধন থেকে আলিফ ফকির হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

​সহকর্মীদের অংশ গ্রহণ

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

​মানববন্ধনে সাংবাদিক জুনায়েদ আহমেদ, মোঃ সায়েম, জাকির হোসেন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মোঃ এরশাদ মিয়া ও সাইফুল ইসলামসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।