রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

রাকসু নির্বাচনে সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ঘোষণা। বুধবার দুপুরে রাকসু ভবনের সামনেছবি:
প্রতিনিধি, রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৮ সদস্যের এই প্যানেল ঘোষণা করা হয়। জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা দল, মত, ও মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। স্বতন্ত্র জায়গা থেকে যারা যোগ্য, তাদের নিয়ে আমরা এই প্যানেল গঠন করার চেষ্টা করেছি।’
প্যানেলের অন্যান্য সদস্য
প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন মো. ইয়াসিন আরাফাত বিজয়, সহক্রীড়া সম্পাদক পদে মো. মনজু আরিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাহবুব আলম মোহন, মহিলাবিষয়ক সম্পাদক পদে হেমা আক্তার ইভা, সহমহিলা–বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ফাহির আমিন, সহমিডিয়া সম্পাদক এম শামীম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. জাকির হোসেন।
নির্বাহী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসাইন, মো. আরিফুল ইসলাম এবং হাবিব হিমেল। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন ও আহসান হাবিবকে।
‘ছাত্রশিবিরের বি টিম’ গুঞ্জন নিয়ে বক্তব্য
এই প্যানেলকে ছাত্রশিবিরের ‘বি টিম’ হিসেবে গঠন করা হয়েছে বলে ক্যাম্পাসে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে সালাউদ্দিন আম্মার বলেন, ‘তারা (ছাত্রশিবির) তাদের সর্বোচ্চটা দিয়ে প্যানেল গঠন করেছে, আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছি। এটা একটা তুচ্ছ অজুহাত। এই প্যানেলে যারা আছেন, তারা সবাই জুলাই যোদ্ধা।’
ভিপি প্রার্থী মেহেদী সজীব বলেন, ‘আমরা জিতব, নয়তো শিখব। আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। আশা করি, শিক্ষার্থীরা আমাদের যোগ্য মনে করলে ভোট দেবেন।’
অন্যান্য প্যানেলের আত্মপ্রকাশ
এর আগে গত রোববার ছাত্রদল ও ছাত্রশিবির তাদের প্যানেল ঘোষণা করে। ছাত্রশিবিরের প্যানেলে জিএস পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজাকে রেখে চমক দেয়। এ নিয়ে রাকসু নির্বাচনে এখন পর্যন্ত মোট ছয়টি প্যানেলের আত্মপ্রকাশ ঘটল।
