যথাযোগ্য মর্যাদায় আঞ্চলিক তথ্য অফিসে স্বাধীনতা দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযোদ্ধারা এ জাতির সূর্য সন্তান, তাঁদের আত্মত্যাগ ও অবদান কখনোই ভুলবার নয়। দিবসটি উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে একগুচ্ছ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)।
পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে যথাযথ বিধি ও মাপ অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী
পরবর্তীতে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণ করে আঞ্চলিক তথ্য অফিসের প্রতিনিধি দল।
আলোচনা সভা ও দোয়া মাহফিল
দিবসটি উপলক্ষ্যে পিআইডি কনফারেন্স রুমে উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বাধীনতার গুরুত্ব ও বীর শহীদদের অবদান তুলে ধরেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিডিয়া কভারেজ ও দাপ্তরিক কার্যক্রম
এছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের জনগুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোর সার্বিক মিডিয়া কভারেজ নিশ্চিত করে আঞ্চলিক তথ্য অফিস। দিবসটি পালনে অফিসের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
