মাদারগঞ্জে প্রবাসীর বিয়েতে ৫০ জন দুস্থ মানুষের রাজকীয় আপ্যায়ন

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

“ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত”—এই চিরন্তন বাণীকে সঙ্গী করে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে এক অনন্য নজির গড়লেন মাদারগঞ্জের তুরস্ক প্রবাসী আরিফ প্রামাণিক। নিজের বিয়ের শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে তিনি বরণ করে নিলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের।

ভালোবাসা দিবসে ভিন্নধর্মী আয়োজন

১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস পালিত হলেও মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়ার আজাহার প্রামাণিকের ছেলে রেমিটেন্স যোদ্ধা আরিফ প্রামাণিক দিনটিকে বেছে নিলেন মানবতার সেবায়। একই উপজেলার কোয়ালিকান্দী গ্রামের রিয়া মণির সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয়। সাধারণত বিয়ের দাওয়াতে সমাজের বিত্তবানদের আধিক্য থাকলেও আরিফের বিয়েতে দেখা গেছে ভিন্ন চিত্র। তিনি এলাকার ৫০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষকে আনুষ্ঠানিকভাবে বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য একবেলা উন্নতমানের খাবারের আয়োজন করেন।

উৎসবমুখর পরিবেশে আপ্যায়ন

বিয়ের অনুষ্ঠান জুড়ে ছিল আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর মিলনমেলা। দিনভর উৎসবমুখর পরিবেশে নানা পদের খাবারের আয়োজনে কোনো ত্রুটি ছিল না। বিশেষ আমন্ত্রণে আসা অসহায় মানুষগুলো রাজকীয় আপ্যায়নে মুগ্ধ হন। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

মানবতার জয়গান

বর আরিফ প্রামাণিক বলেন, “মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসায় ভরপুর থাকা উচিত। কেবল প্রেমিক-প্রেমিকার ভালোবাসা নয়, বরং মা-বাবা, পরিবার ও সমাজের অসহায় মানুষের প্রতি মমত্ববোধই আসল ভালোবাসা। বিশেষ এই দিনে আমি আমার এলাকার দুস্থ মানুষদের পাশে থেকে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি।” দিন-রাত আনন্দ-উল্লাস আর নাচে-গানে ভরপুর এই বিচিত্র আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল মানবতার জয়গান গাওয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *