আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে রবিনা আক্তার ওরফে বন্যা (২৬) নামে এক গৃহবধূকে গলা ও হাত কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার আপন মামা সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।
হত্যাকাণ্ডের বিবরণ
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী (মিলনবাজার) এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বন্যা মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের মালয়েশিয়া ফেরত সুমন মিয়ার স্ত্রী এবং চরগোপালপুর পূর্বপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে।
নির্বাচনের সুযোগে হামলা
জানা গেছে, বন্যা ছোটবেলা থেকেই উত্তর জোড়খালীতে তার নানা বাড়িতে বড় হয়েছেন। প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। সম্প্রতি তিনি নানা বাড়িতে বেড়াতে আসেন। নির্বাচনের দিন সকালে পরিবারের সবাই ভোটকেন্দ্রে গেলে বন্যা বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে গলা ও হাত কেটে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মামা গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ
এই ঘটনায় নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ বন্যার আপন মামা সোহেলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। মাদারগঞ্জ থানা পুলিশ জানায়, গতরাতে তাকে গ্রেপ্তার করার পর আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
নির্বাচনের দিনে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
