রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গঠনে নিয়মিত খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।
উৎসবমুখর আয়োজন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক অজয় চন্দ্র দেবনাথ। দিনব্যাপী প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
