ময়মনসিংহ জেলা প্রশাসকের অভয়বাণী: ‘ভয় নেই, পূর্ণ আত্মবিশ্বাসে ভোটকেন্দ্রে আসুন’
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান।
নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা
জেলা প্রশাসক জানান, ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে (১৪৬ হতে ১৫৬) জননিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত ও শক্তিশালী ‘ফোর্স ডেপ্লয়মেন্ট প্ল্যান’ কার্যকর করা হয়েছে। পরিকল্পনার মূল দিকগুলো হলো:
- স্থায়ী মোতায়েন: প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে।
- স্ট্রাইকিং ফোর্স: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে সার্বক্ষণিক টহলে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব।
- ডিজিটাল মনিটরিং: স্পর্শকাতর কেন্দ্রসহ সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি ডিজিটাল মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
কঠোর আইনি ব্যবস্থা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি এলাকায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। ভয়ভীতি প্রদর্শন বা নির্বাচনে প্রভাব বিস্তারের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং অফিসার।
ভোটারদের প্রতি আহ্বান
ময়মনসিংহের শান্তিপ্রিয় নাগরিকদের প্রতি জেলা প্রশাসক আহ্বান জানিয়ে বলেন:
“গুজবে কান দেবেন না এবং যেকোনো প্রকার সহিংসতা এড়িয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে আপনাদের অংশগ্রহণই আমাদের কাম্য।”
