ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার আশ্বাস পর্যটনমন্ত্রীর

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং বিভাগে একটি আধুনিক ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণের প্রতিশ্রুতি এসেছে সরকারের দুই শীর্ষ মন্ত্রীর পক্ষ থেকে। একই সাথে শিক্ষার মানোন্নয়নে নকলমুক্ত ও মেধাভিত্তিক পরিবেশ নিশ্চিতের জোর তাগিদ দেওয়া হয়েছে।

​ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা এসব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তুলে ধরেন।

​ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের উদ্যোগ

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সময়ের দাবি। আমরা সবাইকে সাথে নিয়ে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব। প্রয়োজনে এ বিষয়ে আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সরাসরি কথা বলব।”

​ময়মনসিংহের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্য রক্ষা ও অবহেলা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিক সরকার আসার মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছে, তাতে বেকারত্ব দূরীকরণ ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই আমাদের মূল লক্ষ্য।” এ সময় তিনি আসন্ন দুর্গাপূজায় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।

​সিনেপ্লেক্সসহ ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণের ঘোষণা

​বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃতী শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ আখ্যা দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স গড়ে তোলা। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহেও একটি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। যেখানে স্থানীয় সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধার পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিনোদনের জন্য অত্যাধুনিক সিনেপ্লেক্স অন্তর্ভুক্ত থাকবে।”

​শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাঙ্গন থেকে নকল বন্ধ করেছেন। জাতীয়তাবাদী দলের এই সরকার যতদিন থাকবে, মেধার মাধ্যমেই প্রার্থীরা উপযুক্ত ফল পাবেন। কোনো কারচুপি বা অন্যায়ের সুযোগ থাকবে না।”

​আমন্ত্রিত অতিথিবৃন্দ

​ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

​সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।