রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে ও ব্যবস্থাপনায় নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং প্রধান ভাণ্ড ও ক্রয় কর্মকর্তাসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ।
এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ময়মনসিংহে এ পর্যন্ত মোট ৭০,৪০৫টি কার্ড বিতরণ করা হয়েছে এবং ৬৪,০৮৩টি কার্ড প্রস্তুত রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বিতরণকৃত কার্ডের সংখ্যা ১,৯০২টি এবং বর্তমানে ৬,৩২২টি কার্ডের বরাদ্দ অবশিষ্ট রয়েছে।