ময়মনসিংহে ‘বিশ্ব মান দিবস’ পালিত; পরিবেশবান্ধব ও মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনে ‘বিশ্ব মান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

​আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অতিথিবৃন্দ ও প্রবন্ধ উপস্থাপন

​ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার।

​মানসম্মত পণ্য ও অর্থনৈতিক উন্নয়ন

​প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, “পণ্য ও সেবার মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সুরক্ষার লক্ষ্যেই এ দিবসটি উদযাপিত হয়। শিল্পপ্রতিষ্ঠান ও উৎপাদকদের দায়িত্ব হলো বিএসটিআই-এর নির্ধারিত মানদণ্ড বজায় রেখে পরিবেশবান্ধব পণ্য তৈরি করা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে টেকসই অবস্থান তৈরিতে গুণগত মানের বিকল্প নেই।”

​তিনি আরও যোগ করেন, “আমাদের রুচি, মেধা ও পরিকল্পনায় একটি নির্দিষ্ট মান বজায় রাখতে হবে। ব্যবসায়ী ও ভোক্তা উভয় পক্ষকেই সচেতন হতে হবে এবং সবাইকে আইন ও নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।”

​ভোক্তা সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই মানহীন পণ্য বর্জন করতে হবে। খাদ্যের নিরাপদ মান ও বিশুদ্ধতা রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়; এর জন্য সমন্বিত সামাজিক উদ্যোগ প্রয়োজন।”

​অনুষ্ঠানে বিএসটিআই-এর বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।