মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রত্যয়কে ধারণ করে ময়মনসিংহে পালিত হয়েছে ‘ক্লিন সানডে’ কর্মসূচি। এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে স্বশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ও অংশ নেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
অভিযানকালে জেলা প্রশাসক সার্কিট হাউজ মাঠের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
এ সময় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. কে. এম মাহবুবুল আলম, বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধি, জাতীয় ও স্থানীয় পর্যায়ের খেলোয়াড়, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচির মূল লক্ষ্য
আয়োজকরা জানান, এ ধরনের সম্মিলিত ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সমাজে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব সুন্দর ময়মনসিংহ নগরী গঠনে সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের এই উদ্যোগে নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।