ময়মনসিংহের চরপাড়ায় বিশ্বমানের স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ‘একেএস ডায়াগনস্টিক’-এর উদ্বোধন
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

সর্বাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ সেবাকর্মী এবং তুলনামূলক কম খরচে সবার জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে ‘একেএস ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৩ মে ২০২৬) সকালে ময়মনসিংহ নগরীর চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে প্রতিষ্ঠানটির ৯ম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই শাখা উদ্বোধন উপলক্ষ্যে রোগীদের জন্য সব ধরনের টেস্টে ৩০% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
বেসরকারি উদ্যোগের প্রশংসা প্রধান অতিথির
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। ময়মনসিংহে নিজের প্রথম সফরের অভিজ্ঞতা জানিয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোগের ভূমিকা অনস্বীকার্য। একেএস খান হেলথ কেয়ার যেভাবে দেশব্যাপী আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আন্তর্জাতিক মানের এই ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় জনসাধারণের চিকিৎসাসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেবে।”
সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের সেবার প্রত্যয়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন এবং একেএস হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড্রু ইয়ান স্মিথ।

সভাপতির বক্তব্যে একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খান বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। দেশজুড়ে শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় ময়মনসিংহের এই ৯ম শাখায় অত্যাধুনিক প্যাথলজিক্যাল ও ইমেজিং টেস্টের সুবিধা চালু করা হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করছি।”
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এন এম তাজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার খন্দকার বাকী বিল্লাহ, একেএস খান হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর নোমানুর রশিদ, একেএস ফার্মাসির সিইও মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের সিএইচআরও হামিদুল ইসলাম, সিএও অ্যান্ড এফও মোঃ আসলাম, বিশেষজ্ঞ চিকিৎসকরা, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
