ভালো চাকরির জন্য ডিগ্রির চেয়ে এআই দক্ষতা জরুরি: লিংকডইন সিইও
প্রযুক্তি ডেস্ক।

লিংকডইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান রসলানস্কিছবি: রয়টার্স।
পেশাজীবীদের জনপ্রিয় নেটওয়ার্কিং মাধ্যম লিংকডইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান রসলানস্কি তরুণদের সতর্ক করে জানিয়েছেন যে ভালো চাকরির নিশ্চয়তা দেওয়ার দিন নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রির জন্য শেষ হয়ে এসেছে। বিশ্বব্যাপী চাকরির বাজারে এখন নিয়োগদাতারা ডিগ্রির চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা, জ্ঞান ও অভিযোজনক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই নামী প্রতিষ্ঠানের ডিগ্রির পেছনে না ছুটে বাস্তব জ্ঞান ও শেখার মানসিকতার ওপর জোর দিতে হবে।
সম্প্রতি ‘ফায়ারসাইড চ্যাট’ নামের এক আলোচনা অনুষ্ঠানে রসলানস্কি জানান, ভবিষ্যতের কর্মজগৎ হবে তাঁদের জন্য, যাঁরা দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেন এবং নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী। তিনি মনে করেন, এআই বিপ্লব নিয়োগপ্রক্রিয়াকে নতুনভাবে গড়ে তুলছে।
চাকরিতে এআই দক্ষতার গুরুত্ব
মাইক্রোসফটের সাম্প্রতিক এক জরিপেও চাকরিক্ষেত্রে এআই প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জানা গেছে:
- জরিপের তথ্যমতে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১ শতাংশ ব্যবসা প্রধান অভিজ্ঞ প্রার্থীর চেয়ে কম অভিজ্ঞ হলেও এআই–সম্পর্কিত দক্ষ প্রার্থীকে নিয়োগ দিতে আগ্রহী।
- এমনকি ৬৬ শতাংশ নিয়োগদাতা বলেছেন, এআই–সম্পর্কিত দক্ষতা না থাকলে তাঁরা প্রার্থী বিবেচনাও করবেন না।
মানবিক গুণাগুণ হবে ‘গোপন অস্ত্র’
রসলানস্কি প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক গুণগুলোর গুরুত্বও তুলে ধরেছেন। তিনি বলেন, শুধু চ্যাটবটের সঙ্গে কথা বলতে জানা যথেষ্ট নয়।
তাঁর মতে, ভবিষ্যতেও ক্যারিয়ার সফলতার মূল চাবিকাঠি হয়ে থাকবে:
- যোগাযোগ
- সহমর্মিতা
- অভিযোজনক্ষমতা
তিনি বিশ্বাস করেন, মানুষের এই গুণগুলোই হবে ‘গোপন অস্ত্র’। যেকোনো পেশায় সফল হতে সহানুভূতি, যোগাযোগ ও মানিয়ে নেওয়ার ক্ষমতার মতো গুণগুলোর কোনো বিকল্প নেই।
