বিভাগীয় সমন্বয় সভায় বিশেষ নির্দেশনা; রমজানে বাজার ও বিদ্যুৎ স্বাভাবিক রাখার তাগিদ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

বিভাগীয় সকল সরকারি দপ্তরের কাজের গতিশীলতা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সভায় আসন্ন রমজান ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিদ্যুৎ, বাজার নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

যানজট নিরসন ও মশা নিধনে ‘ক্রাশ প্রোগ্রাম’

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ৩৩টি ওয়ার্ডে মশা নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এছাড়া যানজট ও অবৈধ পার্কিং নিরসনে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নিয়ম অমান্য করায় ২৬টি অটো রিকশার নবায়ন বাতিল করা হয়েছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নতুন চুক্তি এবং অবৈধ রিকশা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয় সভায়।

স্বাস্থ্য ও কৃষি খাতের অগ্রগতি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ না থাকলেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে অসংক্রামক ব্যাধি যেমন—হাইপারটেনশন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এক মাসের ওষুধ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, লক্ষ্যমাত্রার প্রায় ৯৪ শতাংশ জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে এবং সার ও কীটনাশকের পর্যাপ্ত মজুত রয়েছে। পরিবেশ রক্ষায় এখন জৈব কৃষি প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রমজান উপলক্ষে বিশেষ প্রস্তুতি ও রাস্তা সংস্কার

আসন্ন রমজানকে কেন্দ্র করে সড়ক বিভাগকে ১৫ রমজানের মধ্যে সকল রাস্তা চলাচলের উপযোগী ও যানজটমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডি প্রতিনিধি জানান, ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিক নিরসনে এবং বিদ্যুৎ বিভাগ বকেয়া বিল আদায় ও প্রিপেইড মিটার স্থাপনে কাজ করে যাচ্ছে।

বাজার নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, “পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি প্রয়োজন।” তিনি সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নগরীকে নাগরিক বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *