বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার

পোল্যাকান্দি গ্রামের ‘শহীদ হাসেম সড়ক’-টির সংস্কার কাজের উদ্বোধন করেন বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা।ছবি

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ইউনিয়নের পোল্যাকান্দি গ্রামের ‘শহীদ হাসেম সড়ক’-টির সংস্কার কাজের উদ্বোধন করেন বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, পোল্যাকান্দি, চর পোল্যাকান্দি, ফারাজীপাড়াসহ প্রায় সাত-আটটি গ্রামের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচলের একমাত্র পথ এই সড়কটি। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকায় এবং সম্প্রতি বৃষ্টির পানিতে অর্ধেক ধসে যাওয়ায় শিক্ষার্থী, রোগী এবং কৃষিপণ্য পরিবহনে মানুষের চরম ভোগান্তি হচ্ছিল।

স্থানীয়রা আরও জানান, সড়কটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় এলাকার মানুষের দুর্ভোগ চরমে ওঠে। এমন পরিস্থিতিতে সমাজসেবক হিসেবে পরিচিত বিএনপি নেতা গোলাম মোস্তফা নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থে সড়কটি সংস্কারের কাজে হাত দিয়েছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংস্কার কাজের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা মো. মুছা আলম, সাবেক যুবদল নেতা মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment