বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু
ওয়ালিদ আহমেদ অলি
ময়মনসিংহ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিন আহমেদ মিঠু নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সূত্রপাত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই হিরণের সমর্থকরা রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেওয়ার মতো কর্মসূচি পালন করে আসছিলেন।
রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরণের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে। একই সময়ে দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়।
হতাহত ও ভাঙচুর
- নিহত: গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় গৌরীপুরে বিএনপির দলীয় প্রার্থীর সমর্থক ও উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিন আহমেদ মিঠুকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- ভাঙচুর ও অগ্নিসংযোগ: দুই গ্রুপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এসময় ভাঙচুর করা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
- আহত: হিরণের সমর্থকদের দাবি তাদের অন্তত ৩০ জন এবং ইকবাল পক্ষের দাবি তাদের গ্রুপের ১০ জন আহত হয়েছেন।
পূর্বের ঘটনা ও গ্রেপ্তার
শনিবার রাতে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমর্থক ও জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। এ ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০টি রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার করে।
জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপু অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত কার্যালয়ে শনিবার রাতে হামলা চালানো হয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, “যে বা যারাই হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
