বাংলাদেশে আইফোন ১৭ বিক্রি শুরু, দাম কত?

আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু করেছে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু করেছে। আজ রোববার রাজধানীর গুলশানে ‘অ্যাপল মনো স্টোর গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজি’তে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
ক্রেতারা এখন প্রতিষ্ঠানটির শাখা ও ওয়েবসাইট থেকে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার—এই চারটি মডেল অফিশিয়াল বিক্রয়োত্তর সেবাসহ কিনতে পারবেন।

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নুরে আলম (মাঝে)
সংগৃহীত।
মডেলভেদে দাম ও অফার
আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেল ২৫৬ জিবি ও ৫১২ জিবি ধারণক্ষমতার দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে দামের তালিকা নিম্নরূপ:
| মডেল | ২৫৬ জিবি সংস্করণের দাম | ৫১২ জিবি সংস্করণের দাম |
|---|---|---|
| আইফোন ১৭ | ১,৭৯,৯৯৯ টাকা | ২,১৯,৯৯৯ টাকা |
| আইফোন ১৭ প্রো | ২,২৯,৯৯৯ টাকা | ২,৬৯,৯৯৯ টাকা |
| আইফোন ১৭ প্রো ম্যাক্স | ২,৪৯,৯৯৯ টাকা | ২,৮৯,৯৯৯ টাকা |
| আইফোন এয়ার | ২,০৯,৯৯৯ টাকা |

নতুন আইফোন পরখ করছেন একজন ক্রেতা।
অন্যান্য সুবিধা
- উপহার: নতুন আইফোন কিনলে অ্যাপল এয়ারপডস প্রো ২ বা এয়ারপডস ৪ (এএনসি) উপহার পাওয়া যাবে।
- সেবা: প্রতিটি আইফোনের সঙ্গে ২০ ওয়াটের অ্যাপল অ্যাডাপ্টর, আইফোন কেস, এক বছরের অফিশিয়াল এবং এক বছরের বাড়তি বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
- ক্রয় সুবিধা: ক্রেতারা নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে ২৪ মাসের কিস্তিতে এবং পুরোনো আইফোন বদলে (এক্সচেঞ্জ) নতুন মডেলের আইফোন কিনতে পারবেন।
