স্টাফ রিপোর্টার

নবগঠিত মন্ত্রিসভার সদস্যগণের শপথগ্রহণ অনুষ্ঠান ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র টাউন হল চত্বর ও জনাকীর্ণ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বড় পর্দায় প্রত্যক্ষ করেছে উৎসাহী নগরবাসী। গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস এ সরাসরি সম্প্রচার প্রদর্শনীর আয়োজন করে।
সরাসরি সম্প্রচারের প্রস্তুতি
মঙ্গলবার বেলা চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর ঘন্টাখানেক আগে থেকেই ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক ও অপর অফিসারদের নেতৃত্বে দু’টি ইউনিট নগরীর দুই স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, পর্দা প্রভৃতি স্থাপনসহ লাইভ সম্প্রচারের প্রস্তুতি নেয়।

স্থানীয় দুই প্রতিমন্ত্রীর শপথ নিয়ে উৎসাহ
নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণের পাশাপাশি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণের ডাক পাওয়ায় স্থানীয় জনতা উৎসাহের সাথে বড় পর্দায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি এ অনুষ্ঠান দেখে।




