ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীবরদী বিএনপি’র সংবাদ সম্মেলন
চাল ব্যবসায়ীর সঙ্গে যোগসাজসের অভিযোগ অস্বীকার করে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল জানান, দীর্ঘদিন ধরে ‘রহমান আতাউর’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি’র বিভিন্ন কর্মসূচির ছবি পোস্ট করে সেখানে আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে।
চাল জব্দের ঘটনায় মিথ্যা যোগসাজসের অভিযোগ
আব্দুর রহিম দুলাল অভিযোগ করেন, গত শনিবার (১১ অক্টোবর) রাতে চাল ব্যবসায়ী জিয়াউর রহমান মানিকের ৩৮০ বস্তা সরকারি চাল জব্দের ঘটনার সঙ্গে তাঁর যোগসাজস রয়েছে বলে একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে ওই ফেসবুক আইডিতে অপপ্রচার চালাচ্ছে।
এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে আব্দুর রহিম দুলাল বলেন, “আমার বাবা শ্রীবরদী উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি কোনো দালালি করি না, জনগণের জন্য রাজনীতি করি। আমার বাবা যে পরিমাণ সম্পদ রেখে গেছেন, আমি সারা জীবন বসে খেলেও শেষ করতে পারব না।”
তিনি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, এই মিথ্যা অপপ্রচার দ্রুত আইনানুগভাবে মোকাবেলা করা হবে।
