প্লাবিত হাওর পরিদর্শনে বাবরের প্রতিনিধি দল: ভিডিও কলে কৃষকদের সান্ত্বনা দিলেন এমপি
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়িতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বোরো ফসল পরিদর্শন করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি দল। শুক্রবার (১ মে ২০২৬) দুপুরে এমপির নির্দেশে তাঁর একান্ত সচিব (পিএস) হায়দার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত হাওরগুলো পরিদর্শন করেন।
কৃষির বর্তমান পরিস্থিতি
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ির ৮৯টি হাওরে এ বছর ২০ হাজার ২৩২ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ১ মে পর্যন্ত প্রায় ১০ হাজার ৯২৪ হেক্টর (৫৩%) জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে অবশিষ্ট জমির মধ্যে ৪ হাজার ৫৮৫ হেক্টর জমি জলাবদ্ধতার শিকার। এর মধ্যে ২ হাজার ৭৮০ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং ১ হাজার ৮০৫ হেক্টর জমির ধান প্রায় ৭৯% ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিও কলে এমপির আশ্বাস
পরিদর্শনকালে পিএস হায়দার আলী ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে দেখা করে তাঁদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর অনলাইন ভিডিও কলের মাধ্যমে সরাসরি কৃষকদের সাথে কথা বলেন।
এসময় কৃষক এবাদুল মিয়া, ফরিদ মিয়া ও ওয়াসিম মিয়া কান্নায় ভেঙে পড়ে তাঁদের কষ্টের কথা জানালে এমপি বাবর বলেন, “আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহ সহায় হবেন। আমি চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে আছি। দেশে ফিরেই আপনাদের কাছে আসবো এবং আপনাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা করবো ইনশাআল্লাহ।”
পরিদর্শন ও নেতৃবৃন্দ
হায়দার আলী মেন্দিপুর ইউনিয়নের রোয়াইল হাওর, জিয়াখড়া হাওর, বিলবিল্যের হাওর, জগন্নাথপুর এবং খালিয়াজুরী পাঙ্গাসিয়া হাওরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি কৃষকদের আশ্বস্ত করেন যে, ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তার আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তরিকুজ্জামান তরু, মোঃ আলমগীর হোসেন, আতিকুর রহমান, যুবদল নেতা মোঃ এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম পলিন, আরাফাত হোসেন হৃদয়, মেন্দিপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল মান্নান চৌধুরী এবং এমপির ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকোসহ স্থানীয় শতাধিক নেতৃবৃন্দ।
