স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ব্রহ্মপুত্র নদের ঘাটে আইনশৃঙ্খলা রক্ষা, আলো এবং নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে।
বিসর্জন এলাকা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ঘাট প্রাঙ্গণজুড়ে নিরাপত্তা বেষ্টনী ও সতর্কতামূলক টেপ (“CAUTION”) টাঙানো হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে পুরো ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে সুউচ্চ ও শক্তিশালী ফ্লাডলাইট, যা রাতে পর্যাপ্ত আলোর সংস্থান করবে। এছাড়াও ঘাট চত্বরে তৈরি করা হয়েছে পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় অস্থায়ী মঞ্চ বা প্যান্ডেল।
নিচের ভিডিও তে ক্লিক করুন👇
পরিচ্ছন্নতা ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুত
সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, বিসর্জন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পরিচ্ছন্নতাকর্মী, উদ্ধারকারী দল এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের পরপরই নদী ও ঘাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ তদারকি করা হবে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা
ঘাট এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাক-প্রস্তুতির অংশ হিসেবে ঘাটে সার্বক্ষণিক আলোকসজ্জা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও চলাচলের পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।