নোয়াখালী-৫: মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি তিন ধাপে এই মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন করেন।
মনোনয়নপত্র দাখিল
আজ সকাল সাড়ে ১০টায় ফখরুল ইসলাম প্রথম দফায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় কবিরহাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
প্রার্থীর বক্তব্য ও প্রত্যাশা
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফখরুল ইসলাম বলেন, “বিগত ১৭ বছর পর দেশের মানুষ আবার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। আমি প্রত্যাশা করি, তরুণ প্রজন্মের প্রথম ভোটটি হবে ধানের শীষের পক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে।” তিনি আরও বলেন, “তরুণ ও বৃদ্ধ—সবাই মিলেমিশে ধানের শীষকে বিজয়ী করে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আল্লাহ আমাদের সহায় হোন।”
উপস্থিত নেতৃবৃন্দ
মনোনয়নপত্র দাখিলের সময় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলামের প্রার্থিতা নিয়ে স্থানীয় বিএনপিতে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তাঁর মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে এই আসনে ধানের শীষের নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
