নোয়াখালী-৫: নির্বাচনী অঙ্গীকার তুলে ধরলেন অধ্যক্ষ বেলায়েত হোসেন
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের মানুষের জন্য একগুচ্ছ নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ভোটারদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত নোয়াখালী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিবহন ও যোগাযোগ খাতে বিপ্লব
অধ্যক্ষ বেলায়েত হোসেনের অন্যতম প্রধান প্রতিশ্রুতি হলো সোনাপুর থেকে কবিরহাট ও বসুরহাট হয়ে ফেনী পর্যন্ত একটি আধুনিক বাস সার্ভিস চালু করা। এর মাধ্যমে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও স্বল্পব্যয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্যসেবার আধুনিকায়ন
স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন:
- কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
- প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে।
- স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
সামাজিক নিরাপত্তা ও প্রবাসীদের মর্যাদা
সামাজিক নিরাপত্তায় তিনি শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন:
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা শতভাগ বাস্তবায়ন এবং পর্যায়ক্রমে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে।
- প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিমুক্ত সমাজ ও জিরো টলারেন্স
তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ভয়মুক্ত ও ন্যায়ভিত্তিক নোয়াখালী গড়ে তোলাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। কোম্পানীগঞ্জ, কবিরহাটসহ সংশ্লিষ্ট এলাকার মানুষের মর্যাদা রক্ষায় তিনি জাতীয় সংসদে সাহসী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
অধ্যক্ষ বেলায়েত হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে আমি নিজেকে নোয়াখালীবাসীর সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত করব”।
