নোয়াখালীতে ৩০ প্রিজাইডিং অফিসার নিয়ে জামায়াত প্রার্থীর আপত্তি
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের ৩০ জন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পৃথক দুটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের মূল বক্তব্য
লিখিত আবেদনে অধ্যক্ষ ছাইফ উল্লাহ উল্লেখ করেন, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের একটি বড় অংশের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দল ও কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাঁদের অধীনে ভোটগ্রহণ পরিচালিত হলে নির্বাচনের পেশাগত নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বিতর্কিত কর্মকর্তাদের দ্রুত পরিবর্তন করে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি।
প্রশাসনের প্রতিক্রিয়া
এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাসরিন আক্তার জানান, জামায়াত প্রার্থীর লিখিত আপত্তিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
একই সুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি
নোয়াখালী-১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। সাম্প্রতিক সময়ে সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বক্তব্য এবং মহিলা জামায়াতের মাহফিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই এলাকার রাজনৈতিক পরিবেশ আগে থেকেই উত্তপ্ত রয়েছে। এমন পরিস্থিতিতে প্রিজাইডিং অফিসার নিয়ে প্রার্থীর এই আপত্তি সাধারণ ভোটারদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে।
