নোবিপ্রবিসাসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের বিদায় এবং ৭ম কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) রুমে “গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপ-উপাচার্যের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকতা বড় দায়িত্বের জায়গা। আপনারা প্রশাসনের পক্ষে কাজ না করে বরং বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন এবং যৌক্তিক সমালোচনা করবেন, আমরা সেটাকে ইতিবাচকভাবে নেব। নোবিপ্রবিকে উন্নত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

জুলাই আন্দোলনে সাংবাদিকদের অবদান

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) বলেন, “জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। তবে ফেক নিউজ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে, তাই নিউজ করার সময় সর্বোচ্চ সত্যতা বজায় রাখতে হবে।”

আলোচক ও অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবিসাসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মুহাম্মদ নুরুল করিম

এছাড়াও উপস্থিত ছিলেন:

  • রিজেন্ট বোর্ডের সদস্য ও ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার
  • বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান
  • প্রক্টর ও সাংবাদিক সমিতির উপদেষ্টা এ এফ এম আরিফুর রহমান
  • ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ শিবলুর রহমান এবং আইকিউএসির সহকারী পরিচালক জিএম রাকিবুল ইসলাম

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত ৭ম কার্যনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *