মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈম।
অতিথিদের উপস্থিতি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ ইফরীত সাদিয়া লিসা, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খামারিরা।
আলোচনা ও প্রত্যাশা
আলোচনা সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত পণ্য নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বাড়বে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।