সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৬৬৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
সরঞ্জাম গ্রহণ ও নিরাপত্তাব্যবস্থা
ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সামগ্রী বুঝে নিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজর
নরসিংদীর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, জেলার ৫টি আসনের ৬৬৩টি কেন্দ্রের মধ্যে ৩৯৩টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন ও স্ট্রাইকিং ফোর্সের টহল জোরদার করা হয়েছে।
একনজরে নরসিংদীর ভোটার পরিসংখ্যান
নরসিংদীর ৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নের ভোটার তথ্য নিম্নরূপ:
- মোট ভোটার: ১৯,৭১,২৩৭ জন।
- পুরুষ ভোটার: ১০,০০,৩০৪ জন।
- নারী ভোটার: ৯,৭০,৯৮৭ জন।
- হিজড়া ভোটার: ৩৬ জন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হবে।





