সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন বাতিল চেয়ে মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে বিক্ষোভ মিছিলের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেন তাঁরা। মোটরসাইকেল শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নীলকুঠি বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে ও মোটরসাইকেল শোডাউনে প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
বিক্ষোভ ও অভিযোগ
বিক্ষোভকারীরা মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পরিবর্তন চেয়ে কেন্দ্রের কাছে জোর দাবি জানান।
- রফিকুল আমিন ভূঁইয়া রুহেল (জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক): তিনি বলেন, “রায়পুরায় বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, সে মনোনয়ন পাওয়ার পর গত ১৮ দিনেও তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় করতে পারেনি। বিগত ১৭ বছরে যারা বিএনপি করতে গিয়ে মামলা খেয়ে জেল খেটেছে, তাদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিল করছে।” তিনি আশা প্রকাশ করেন, দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অবশ্যই তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের মনের ভাষাকে মূল্যায়ন করবেন।
- জাহাঙ্গীর আলম বাদল (জেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক): তিনি বলেন, “আজকে তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে যে শোডাউন করেছে, তাতে বুঝা যায় রায়পুরার মানুষ ধানের শীষের প্রাথমিক এই মনোনয়নের পরিবর্তন চায়।”
- জামাল আহমেদ চৌধুরী (জেলা বিএনপি সহসভাপতি): তিনি বলেন, “বিএনপি করতে গিয়ে শেষ ১৭টি বছরে বহুবার জেলে গিয়েছি, অসুস্থ হয়েও জেল খেটেছি, হাতকড়া নিয়ে হাসপাতালের বিছানায় থেকেছি, তবুও দল ছাড়িনি। আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে একটি মামলাও নেই, কখনো দলের জন্য জেলেও যান নি তিনি।”

কেন্দ্রের প্রতি আহ্বান
জেলা বিএনপি সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, “আমরা দলের হাইকমান্ডের কাছে যাবো। আমাদের কথা একটাই, আমরা পরিবর্তন চাই। হাইকমান্ড একটা তদন্ত কমিটি গঠন করে উপজেলায় থাকা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের কথা শুনে যাকে মনোনয়ন দিবেন, আমরা তার জন্যই কাজ করবো।” তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের কাছে রায়পুরার মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবি জানান।
