আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। দীর্ঘ ৫৪ বছরের রেকর্ড ভেঙে এই প্রথম মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলো। প্রাপ্ত ভোট সংখ্যার দিক থেকে তিনি সারা দেশে ৩য় এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগে ১ম স্থান অধিকার করে নতুন এক মাইলফলক সৃষ্টি করেছেন।
ভোটের সমীকরণ ও বিশাল ব্যবধান
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মুজিবুর রহমান আজাদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন বাবুল।
উল্লেখ্য, এই আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ মোট ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আওয়ামী লীগের দুর্গে ধস
১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আটবার এই আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে আওয়ামী লীগ বিহীন মাঠে বিএনপির এই ক্লিন সুইপ এবং প্রতিটি কেন্দ্রে বিজয় লাভ করাকে ‘ঐতিহাসিক’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয়দের মতে, ক্রান্তিকালের শ্রেষ্ঠ কাণ্ডারি হিসেবে মোস্তাফিজুর রহমান বাবুলই ছিলেন জনগণের প্রথম পছন্দ।
ফায়েজুল ইসলাম লাঞ্জুর বিশেষ ভূমিকা
এই বিজয়ের পেছনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু-এর সাহসী পদক্ষেপ ও নিরলস প্রচারণা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে এবং জনসাধারণের মাঝে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরিতে তার ভূমিকা দলীয় মহলে ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে। নেতাকর্মীরা মনে করছেন, এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দলে অত্যন্ত সম্মানজনক অবস্থানে থাকবেন।
ময়মনসিংহ বিভাগে শীর্ষস্থান
জামালপুর জেলার ৫টি আসনেই বিএনপি জয়লাভ করেছে, যা জেলার রাজনৈতিক ইতিহাসে এক বড় রেকর্ড। তবে এর মধ্যে মোস্তাফিজুর রহমান বাবুলের প্রাপ্ত ভোট পুরো ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোচ্চ। ৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতার এমন সাফল্যে মেলান্দহ ও মাদারগঞ্জের আকাশে-বাতাসে এখন বইছে আনন্দের সুবাতাস।
বিজয়ীর প্রতিক্রিয়া
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “প্রতিটি কেন্দ্রে জনগণের এই অকুণ্ঠ সমর্থন আমার জন্য এক বিশাল দায়িত্ব। আমি মেলান্দহ ও মাদারগঞ্জের উন্নয়ন, শান্তি এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”
