জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪; এলাকায় উত্তেজনা
মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি), নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে রবিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, বানুয়ারী গ্রামের উত্তর পাড়ার রফিক মিয়ার লোকজনের সঙ্গে পশ্চিম পাড়ার জুয়েল চৌধুরীর লোকজনের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে পশ্চিম পাড়ার মসজিদের পাশের রাস্তায় জুয়েল চৌধুরীর লোকজনের পথরোধ করে রফিক মিয়ার লোকজন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের অবস্থা
সংঘর্ষে গুরুতর আহত জুয়েল চৌধুরীর পক্ষের হাফিজুল (২৫), খায়েস (৩২) ও বাবুন (২৬)-কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া শাহীন (৩৫), শাহানুর (৩৬), সালাম (৩৮), নাসির (২৭), আলিউল (৩২), আরমান (২৫), আজিম (৩৪) এবং দ্বিতীয় পক্ষের রফিক (৪২), মিষ্ঠার (৫০) ও ফজলু (৫১)-কে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের পদক্ষেপ
ঘটনার পর পর খালিয়াজুড়ি থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, “ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন না থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।
