
শেখ মেহেদী হাসান নাদিম
ময়মনসিংহের গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের পেছনে সম্প্রতি স্থাপত্যশিল্পের এক অনন্য নিদর্শন গড়ে উঠেছে—একটি সুউচ্চ ইটের দেয়াল। নিদর্শনটিকে ‘অনন্য’ বলতেই হয়, কারণ প্রাচীনকালে মানুষ দেয়াল তুলত প্রাসাদ রক্ষায়, বাগান ঘিরতে কিংবা শত্রুর আক্রমণ ঠেকাতে; কিন্তু এই দেয়ালের ভেতরে কোনো প্রাসাদ নেই, বসতবাড়ি নেই, এমনকি একটি বৃক্ষচারাও নেই। ভেতরে কেবল শূন্যতা, আর বাইরে শত শত মানুষের অবরুদ্ধ দীর্ঘশ্বাস। সাধারণ মানুষ এখন হাঁটুভাঙা পথ আর খাল ঘুরে লালপুলের দিকে যে দুঃসাহসিক অভিযাত্রায় নামতে বাধ্য হচ্ছেন, তার নেপথ্যে রয়েছে এক অদ্ভুত দর্শন—দেয়াল নির্মাতার নিজের ভাষায়, এটি নাকি তাঁর ব্যক্তিগত ‘উইশ’ বা ইচ্ছা।
তবে স্থাপত্যটি যতই দৃষ্টিনন্দন হোক, এর আয়ুষ্কাল নিয়ে আইনের বইগুলো ভীষণ বেরসিক। তাই দেয়ালটিকে ‘ক্ষণস্থায়ী’ বলতে হচ্ছে। প্রশ্ন হলো, আইনের স্বাভাবিক গতিতে এই ক্ষণস্থায়ী দেয়ালটি যখন ভাঙা হবে, তখন ভাঙার মজুরিটা আসলে কে গুনবে? তার আগে দেখা যাক, আমাদের দেশের আইন আসলে কতটা সূক্ষ্ম এবং কতটা রসবোধহীনভাবে শক্তিশালী।
আলো-বাতাসেরও যখন আইনগত বৈধতা থাকে
একটি শিক্ষিত ও শিক্ষকতার মতো মহান পেশার সঙ্গে যুক্ত পরিবারের নিশ্চয়ই অজানা নয় যে, রাষ্ট্রের আইন কেবল মানুষের পায়ের ছাপ গুনে বসে থাকে না—এটি আকাশের আলো আর বাতাসের গতিপথেরও হিসাব রাখে। সুখাধিকার আইন, ১৮৮২ (The Easements Act, 1882)-এর ১৫ ধারা বলছে, কোনো ভবনে বা স্থানে যদি ২০ বছর ধরে শান্তিপূর্ণভাবে এবং বিনা বাধায় কেবল আলো ও বাতাস (Light and Air) চলাচল করে, তবে সেই আলো-বাতাস পাওয়ার অধিকারটিও নিরঙ্কুশ আইনি অধিকারে পরিণত হয়। একই ধারায় কোনো চলাচলের পথ শান্তিপূর্ণভাবে, খোলাখুলিভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহৃত হলে তাতে জন্মে স্থায়ী সুখাধিকার (Prescriptive Right)।
ভাবুন তো একবার! যে দেশের আইনে টানা বিশ বছর ধরে বয়ে চলা এক পশলা বাতাস কিংবা এক টুকরো সূর্যের আলোর পথ রুদ্ধ করার মতো জোর কোনো দেয়ালের ভিত্তির নেই, সেখানে পঞ্চাশ থেকে একশ বছরেরও বেশি সময় ধরে পুরো গ্রামের মানুষের ব্যবহৃত রাস্তার বুকে গাঁথা ইট-বালুর ভিত্তি কতটা অসহায়! যে দেয়াল বিশ বছরের বাতাসকে আটকাতে পারে না, সে দেয়াল শতবর্ষী জনপথ আটকে টিকে থাকবে—এমন কল্পনা সাহিত্যের রূপকথায় মানায়, আইনের আদালতে নয়।
আজ গ্রামবাসীর বিপক্ষে দাঁড়িয়ে দেখি -দেয়ালটা কি বাঁচানো যায়?
একজন সাংবাদিকের কাজ কেবল একপক্ষের কথা শোনা নয়। তাই আজ একটু ভিন্ন পরীক্ষা করা যাক। ধরে নিলাম, আমি গ্রামবাসীর পক্ষে নই; আজ আমি তাঁদেরই লোক, যাঁরা এই দেয়ালটি গড়েছেন। গায়ে কালো কোট চাপিয়ে, আইনের মোটা মোটা বই বগলে নিয়ে আমি আজ এই দেয়ালটিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে দেখি—আইন আমাকে কতদূর সাহায্য করে।
প্রতিপক্ষের উকিল সেজে প্রথমেই আমি আদালতে জোর গলায় বললাম, “মাননীয় আদালত, ১৯৭২ সাল থেকেই এটি আমাদের জমি; ব্যক্তিগত জায়গায় বাউন্ডারি দেওয়া তো স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের ইচ্ছা!” কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই বিচারিক নথির স্তূপ থেকে বেরিয়ে এল ময়মনসিংহের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের অন্য মামলা ২২/২০০৫-এর ২৪ নভেম্বর ২০১১ তারিখের রায়। সেই রায়ে আদালত ১৯৭২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দেখানো ছয়-ছয়টি দলিলকেই ‘অ্যান্টিডেটেড’ বা স্ব-সৃজিত বলে নাকচ করে দিয়েছেন এবং ১৯৬৫ সালের প্রেক্ষাপটে জমিটির অর্পিত সম্পত্তি হওয়ার বাস্তবতা তুলে ধরে মামলাটি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ, প্রতিপক্ষের পক্ষে দাঁড়িয়ে ‘ব্যক্তিগত মালিকানা’র তাসটি খেলতে গিয়েই দেখলাম, ওটা ২০১১ সালেই বাতিল হয়ে পড়ে আছে!
তবু হাল ছাড়লাম না। এবার ভাবলাম, মালিকানা না থাকুক, ‘ইচ্ছা’র জোরে যদি দেয়ালটা টেকানো যায়! কিন্তু সেখানে গিয়েই ধাক্কা খেলাম ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৩৩ ধারা এবং দণ্ডবিধির ২৬৮ ও ২৮৩ ধারার সঙ্গে। আইন সেখানে খুব শান্ত অথচ কঠোর গলায় আমাকে জানিয়ে দিল—জনগণের আইনত ব্যবহৃত কোনো পথে ব্যক্তিগত ‘ইচ্ছা’র প্রতিফলন ঘটিয়ে বাধা সৃষ্টি করাকে স্থাপত্যচর্চা বলে না, বলে ‘গণ-উপদ্রব’ বা Public Nuisance। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিকানার ফয়সালা করতে বসেন না; তিনি শুধু দেখেন জনগণের চলার পথ ছিল কি না এবং সেখানে অবৈধ বাধা দেওয়া হয়েছে কি না।
সুতরাং প্রতিপক্ষের শিবিরে দাঁড়িয়ে, তাঁদের হয়ে লড়াই করতে গিয়ে এক চরম বিব্রতকর সত্য আবিষ্কার করলাম—আইন আসলে মোটেও এমন নয় যে, কেউ নিজের ইচ্ছার কথা বললেই কিংবা ফোনে গর্জন করলেই সংবিধান ও সংবিধিবদ্ধ আইনকানুন তটস্থ হয়ে পিছু হটবে।
আবেদন কে করবেন, আর ভাঙার খরচটা কার পকেট থেকে যাবে?
এবার আসি সেই অমোঘ প্রশ্নে—ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারায় এই আবেদনটি করবেন কে? ফোনালাপে দেয়াল কর্তৃপক্ষ বেশ ক্ষুব্ধ অথচ উদার কণ্ঠে আমাকেই আমন্ত্রণ জানিয়েছেন, ১৯৭২ সাল থেকে এলাকার মানুষ নাকি তাঁদের বিপক্ষে থেকেও কিছু করতে পারেনি, তাই আমাকেও একটু চেষ্টা করে দেখতে বলেছেন। একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে তাঁদের এই চ্যালেঞ্জিং অনুরোধ আমাকে মুগ্ধ করেছে! তবু একটি শিক্ষিত পরিবারের প্রতি বিনীত প্রশ্ন—একজন সাংবাদিক বা ভুক্তভোগী গ্রামবাসী আদালতের দ্বারস্থ হওয়ার আগেই কি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নিজেদের ভুল শুধরে নেওয়া অধিকতর সম্মানজনক নয়?
আর যদি আইনি প্রক্রিয়াই শেষ কথা বলে, তবে দেয়াল ভাঙার খরচের হিসাবটিও আইনে একদম পয়সায় পয়সায় লেখা আছে। ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারায় শর্তসাপেক্ষ আদেশ (Conditional Order) এবং শুনানি শেষে চূড়ান্ত আদেশ (Absolute Order) হওয়ার পর শুরু হয় ১৪০ ধারার পালা। এই ধারার সৌন্দর্য দেখে সত্যিই আইনের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে:
- প্রথমত, ম্যাজিস্ট্রেটের চূড়ান্ত আদেশ অমান্য করলে দণ্ডবিধির ১৮৮ ধারায় শাস্তির খাঁড়া ঝুলবে।
- দ্বিতীয়ত, নির্ধারিত সময়ের মধ্যে দেয়াল নির্মাতা নিজ হাতে দেয়াল না ভাঙলে প্রশাসন নিজেই সেটি অপসারণ করবে।
- তৃতীয়ত—এবং সবচেয়ে কৌতুককর কিন্তু অকাট্য আইনি বাস্তবতা হলো—১৪০(২) ধারা অনুযায়ী দেয়াল ভাঙার সমস্ত খরচ আদায় করা হবে বাধা সৃষ্টিকারীর কাছ থেকেই; অভিযোগকারী বা গ্রামবাসীর কাছ থেকে একটি কানাকড়িও নয়। এমনকি প্রয়োজনে অপসারিত সেই দেয়ালের ইট-মালামাল বিক্রি করে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলাম করে সেই ভাঙার মজুরি উশুল করার ক্ষমতাও আইন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে দিয়ে রেখেছে!
সহজ কথায়, যে অর্থবল ও ইচ্ছাশক্তি দিয়ে এই দেয়ালটি তোলা হয়েছিল, আইন অত্যন্ত ন্যায্যভাবে সেই একই পক্ষের হাতে দেয়াল ভাঙার বিলটিও ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। যাঁদের গড়ার ক্ষমতা আছে, ভাঙার খরচ বহনের বিরল সম্মানটুকুও আইন তাঁদের জন্যই সংরক্ষিত রেখেছে।
এই পুরো লেখাটি দাঁড়িয়ে আছে কেবল বাংলাদেশের প্রচলিত আইন, আদালতের প্রকাশিত রায় এবং সরেজমিন বাস্তবতার ওপর। সত্য ও নথির ওপর দাঁড়িয়ে কথা বললে সেখানে কোনো ব্যক্তিগত বিদ্বেষ থাকে না, আর মানহানির কল্পিত ভয় দেখিয়ে আইনের স্পষ্ট ধারাগুলোকে মুছে ফেলাও যায় না। রাষ্ট্রের প্রচলিত আইন ও বিজ্ঞ আদালতের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেই আশা রাখি—দেয়ালের ইট নিলামে ওঠার আগেই শুভবুদ্ধির উদয় হবে।