গুগলকে টেক্কা দিতে চ্যাটজিপিটি সার্চে বড় পরিবর্তন আনল ওপেনএআই
প্রকাশের তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪

চ্যাটজিপিটিরয়টার্স
গুগলের সার্চ ব্যবসাকে চ্যালেঞ্জ জানাতে ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সার্চ সেবা চ্যাটজিপিটি সার্চে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন এই আপডেটে চ্যাটজিপিটি এখন যেকোনো ওয়েবসাইটের লিংক সংক্ষেপে উপস্থাপন করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে সরাসরি সেই লিংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, যা এই সার্চ সেবার নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা অনেক বাড়াবে।
ওপেনএআইয়ের মতে, এই নতুন ফিচারটি চালু হওয়ার ফলে চ্যাটজিপিটি সার্চে ভুল তথ্য দেখার সম্ভাবনা অনেক কমে যাবে। ব্যবহারকারীরা এখন আরও মানসম্মত ও নির্ভরযোগ্য উত্তর পাবেন। কেনাকাটার ক্ষেত্রেও এই সুবিধাটি এখন আগের চেয়ে বেশি কার্যকর। কোনো পণ্য অনুসন্ধান করা হলে, চ্যাটজিপিটি প্রাসঙ্গিক পণ্যের তথ্য দেখাবে। আর যদি অনুসন্ধান পণ্য-সম্পর্কিত না হয়, তাহলে অপ্রাসঙ্গিক কিছু না দেখিয়ে শুধু প্রয়োজনীয় তথ্যই উপস্থাপন করা হবে।
পাশাপাশি, উত্তরগুলো আরও পরিপাটি ও পাঠকবান্ধবভাবে সাজানো হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত তথ্য বুঝতে পারেন এবং এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে।
নতুন এআই মডেল ও সুবিধা
চ্যাটজিপিটি সার্চের পাশাপাশি ওপেনএআই তাদের সর্বশেষ এআই মডেল জিপিটি-৫-এ একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে। এর মধ্যে ‘টগল অপশন’ অন্যতম। এই টগলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন স্তরের বিশ্লেষণী ক্ষমতা বেছে নিতে পারবেন। ওপেনএআই এই স্তরগুলোকে অভ্যন্তরীণভাবে ‘জুস ভ্যালু’ নামে অভিহিত করছে।
চ্যাটজিপিটির এই নতুন ওয়েব সার্চ সুবিধাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ইন্টারনেটে কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া আরও সহজ হয়। এই ফিচারটি চ্যাটজিপিটির ওয়েবসাইট ছাড়াও আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।
এই খবরটি কি আপনার পছন্দ মতো সাজানো হয়েছে?
