গণহত্যা দিবসে শিক্ষার্থীদের নিয়ে তথ্য অফিসের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার

স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা’ আয়োজন করেছে ময়মনসিংহ তথ্য অফিস।
স্মৃতিচারণ ও আলোচনা সভা
বুধবার বিকেলে তথ্য অফিস সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গণহত্যায় নিহত ও মুক্তিযোদ্ধাদের চরম ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সরকারের উদ্যোগে আজকের এই স্মৃতিচারণ ও সভাকে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ধারণ করে জীবন গড়তে হবে।
রণাঙ্গনের বীরত্বগাথা ও অভিজ্ঞতা
জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে সভায় গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হালুয়াঘাট সীমান্তে তেলিখালী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। ‘অপারেশন সার্চলাইটে’র গণহত্যার ভয়াবহতা ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান
সভায় মুখ্য আলোচকের বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি স্বাধীন চৌধুরী ও জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার লিয়া আফরোজ সবার জন্য কল্যাণকর মানবিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহবান জানান। শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌস মিলি ও মোহাম্মদ মিনার দেশগড়ায় আত্মনিয়োগে তাঁদের প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় অর্ধশত শিক্ষার্থীর সাথে তথ্য অফিসের সদস্যরা সভায় অংশ নেন।
প্রামাণ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী
এদিন সন্ধ্যায় ময়মনসিংহ ব্রিজ রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জেলা তথ্য অফিস আয়োজিত উন্মুক্ত প্রদর্শনীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রদত্ত ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ চলচ্চিত্র দেখেন আগ্রহী জনসাধারণ। এর আগে দুপুরে নগরীর টাউন হলে তারেক স্মৃতি মিলনায়তনে তথ্য অফিসের সহযোগিতায় সিটি কর্পোরেশন আয়োজিত গণহত্যা ও মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন।
ভিডিওতে বিস্তারিত দেখুন: এখানে ক্লিক করুন
