খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে ভয়াবহ আগুন, প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা):

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে।

আগুনে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, চেয়ার, টেবিল, আলমারিসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও নানা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অফিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার-ভিডিপির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের প্রকৃত সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নৈশ্যপ্রহরী মো. অলি মিয়া ও দায়িত্বরত কর্মচারীর মাধ্যমে তিনি প্রথমে আগুনের খবর পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে; তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কম্পিউটার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা হতে পারে। বিস্তারিত পরিদর্শন ও তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করা হয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনায় দুঃখ প্রকাশ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও। খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন এবং সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্তের দাবি জানান। একইভাবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন ও সেক্রেটারি মো. রুহুল আমিন দুঃখ প্রকাশ করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি কার্যালয়, যানবাহন ও শিল্পকারখানাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে ভোররাতের এ আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা দ্রুত তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Comment