খালিয়াজুরীতে মদ্যপানের অপরাধে যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা প্রতিনিধি)

নেত্রকোনার হাওড় অধ্যুষিত খালিয়াজুরী উপজেলায় মদ্যপান করে প্রকাশ্যে মাতলামি ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে তপু চন্দ্র দাস তপন (৩৫) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে খালিয়াজুরী সদর নতুন বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডিত ব্যক্তির পরিচয় ও ঘটনার বিবরণ
দণ্ডিত তপু চন্দ্র দাস তপন (৩৫) খালিয়াজুরী সদরের দীঘলহাটি এলাকার লক্ষণ চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত তপু অতিরিক্ত মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় খালিয়াজুরী নতুন বাজারে প্রকাশ্যে মাতলামি শুরু করেন। এতে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট এবং সামাজিক পরিবেশ ক্ষুণ্ন হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের রায় ও পুলিশের বক্তব্য
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তপু মদ্যপানের কথা স্বীকার করেন। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান—
”আটক তপু চন্দ্র দাস তপনকে থানায় সুরক্ষিত রাখা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
