ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম এবার মাদক মামলায় কারাগারে

সেলিম প্রধানফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৪

রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অপর আট আসামি হলেন রাকিবুল ইসলাম (২৫), সাদিকুল ইসলাম (৩৯), তৌফিকুল ইসলাম (২৫), রিফাত হাসান (২৫), রবিউল হাসান (২৫), মিনহাজুর রহমান (২১), মেহেদী হাসান (২৬) ও সাইমুম ইসলাম (২৫)।

পুলিশ ও আদালত সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সেলিম প্রধানসহ নয়জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে গুলশান থানা–পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ৮ সেপ্টেম্বর তাঁদের জামিন আবেদন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ শনিবার ভোররাত চারটার দিকে বারিধারার একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা জব্দ করা হয়েছে। এ ছাড়া সাতটি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, বারিধারার ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে নেক্সাস ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় অবৈধ সিসা বার চালানো হচ্ছিল। সেলিম প্রধান ওই রেস্তোরাঁর মালিক বলে জানা গেছে।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাঁর বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *