মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া এলাকায় একটি মাছের খামারে মাটি কাটার কাজ চলাকালে চাঁদা দাবি, এসকেভেটর (ভেকু) ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সোহাগ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতি
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে চরবালুয়া ৬নং ওয়ার্ডের তিনের খালের উত্তর পাশে সোহেল নামের এক ব্যক্তির জমিতে এসকেভেটর দিয়ে মাটি কাটার কাজ করছিলেন সোহাগ। এ সময় অভিযুক্ত ইব্রাহিম তোতা (৪৫)-সহ ১৪ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সোহাগকে মারধর করে এবং এসকেভেটরের চাবি ছিনিয়ে নেয়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে মেশিনটি ভাঙচুর করায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর আর্তনাদ ও হুমকি
ভুক্তভোগী সোহাগ জানান, মেশিনের চাবি নিয়ে যাওয়ায় সেটি ঘটনাস্থল থেকে সরানো সম্ভব হচ্ছে না, যার ফলে প্রতিদিন তার প্রায় ৩০ হাজার টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। এছাড়া চাঁদা না দিলে এলাকায় কাজ করতে না দেওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।
অভিযুক্তের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা
অভিযুক্ত ইব্রাহিম তোতা চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল মতিন তোতা চেয়ারম্যানের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনিও স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের পদক্ষেপ
কোম্পানীগঞ্জ থানা পুলিশ লিখিত অভিযোগটি গ্রহণ করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






