মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রামপুর ও মুসাপুর ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানের বিবরণ
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এই টহল অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। দলীয় সূত্র ও প্রশাসনের ভেরিফায়েড পেজ থেকে জানা যায়, এদিন রামপুর ও মুসাপুর ইউনিয়নের মোট ৫টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তৎপরতা
টহল চলাকালীন মুসাপুর ইউনিয়নের বিভিন্ন বালু উত্তোলন পয়েন্ট পরিদর্শন করে প্রশাসন। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা এক্সক্যাভেটর ফেলে রেখে পালিয়ে যায়। প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের টহল ও নজরদারি কার্যক্রম চালু থাকবে।






